বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

জাতীয়

চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না: চসিক প্রশাসক

২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজন হলে আর্থিক সহায়তা দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সবাই মিলে চাই, রোগীরা যেন প্রয়োজনীয় সেবা পেতে থাকেন। কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সম্ভব না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে চসিক প্রশাসক জানান, এ প্রতিষ্ঠান থেকেই তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তাই কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং রোগীদের সেবার মানোন্নয়নে কাজ করাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।

হাসপাতাল ও কলেজ এলাকার পরিচ্ছন্নতা এবং পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতাল এলাকার বাইরের অংশের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে চসিকের পক্ষ থেকে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগও নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শাহাদাত বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে চট্টগ্রাম মেডিকেল কলেজকে আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশ-বিদেশে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে এ প্রতিষ্ঠানের গভীর আবেগ ও আত্মিক সম্পর্ক রয়েছে। তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. ফয়েজ উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. কামরুন নেছা রুনা, ডা. রাশেদা সামাদ, ডা. বাসনা মুহুরী, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ও ডা. ইমরোজ উদ্দিনসহ কলেজের শিক্ষক, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: