স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয় ব্যাট করতে প্রস্তুত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। যদিও আলোকস্বল্পতায় একাধিকবার ম্যাচে বিঘ্ন ঘটার পর অনেক আগেই দিনের খেলা শেষ হয়ে যায়। তবে দুশ্চিন্তার আরও কারণ ছিল স্বাগতিকদের। ব্যাটিংয়ের সময় ক্র্যাম্পের (পায়ে টান লাগা) কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাওহীদ হৃদয়কে।
ডানহাতি এই ব্যাটার ৪০ রানে অপরাজিত থাকাবস্থায় বাঁ পায়ে আঘাত নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন। তিনি প্রথম ইনিংসে আর ব্যাট করতে পারবেন কি না সেই প্রশ্ন ছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফিট হয়ে উঠেছেন হৃদয়। দ্বিতীয় দিন ম্যাচ শুরুর আগে অনেকক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে তাকে। শরীরী ভাষা বলে দিচ্ছে– তিনি ব্যাটিংয়ে নামতে প্রস্তুত।
গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন হৃদয়কে নিয়ে বলেছিলেন, ‘হৃদয়ের ক্র্যাম্প করেছিল। রাতে ঠিক হয়ে যাবে আমার মনে হয়। কাল (আজ) আবার ব্যাট করতে পারবে।’ আঙুলে চোটের কারণে মুশফিকুর রহিম না থাকায় একাদশে সুযোগ পেয়েছেন হৃদয়। অভিজ্ঞ তারকার অনুপস্থিতি তার কাঁধে বড় দায়িত্ব এনে দিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে কেবল ৭৪ ওভার। ওপেনার সাদমান ইসলাম ৯৯ এবং লিটন দাস ১০ রানে অপরাজিত থেকে আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন।