বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ

২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

ঠাকুরগাঁও ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় ৩৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভোট পড়েছে।

দুপুর সাড়ে ১২টায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ৩৩ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন ও নারী ৩৮ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকেন পাঁচজন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৩ হাজার ৮৩৩ ভোট।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এরপর এ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়।

শেয়ার করুন: