বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

আলোকস্বল্পতার পর বৃষ্টি, আগে-ভাগেই চা বিরতি

২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভালো যায়নি বাংলাদেশের। মাত্র ৫৯ রানে শেষ ৭ উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনটাও নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। একটি উইকেট তুলে নিলেও ৮৯ রান তুলেছে উইন্ডিজ। এরপর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে আগে-ভাগেই চা বিরতিতে যায় দুদল। এরপরই শুরু হয় বৃষ্টি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ১ উইকেটে ৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫৩ রানে জন ক্যাম্পবেল ও ২১ রানে চন্দরপল অপরাজিত রয়েছেন।

দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। হাসানই এনে দেন প্রথম ব্রেকথ্রু, পঞ্চম ওভারে তার ফিফথ স্টাম্পে ফেলা বলে ব্যাট চালিয়ে উইকেটরক্ষক জাকের আলি অনিককে ক্যাচ দিয়েছেন ব্রেন্ডন কিং (১৫)। এরপর থেকে তেজনারায়ণ চন্দরপলকে নিয়ে ৬০ রানের জুটি গড়লেন ক্যাম্পবেল।

এর আগে সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সবমিলিয়ে আজ ৫৯ রান করতেই স্বাগতিকরা হারিয়েছে বাকি ৭ উইকেট। শেষ ১০ রানে তাদের ৪ উইকেট পড়েছে। ফলে ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টেস্টে তৃতীয় সেঞ্চুরি করা সাদমান সর্বোচ্চ ১০৫, তাওহীদ হৃদয় ৪২ ও চোট পাওয়া লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন। বাংলাদেশের ইনিংস থামে ২৭২ রানে।

ক্যারিবীয়দের পক্ষে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার (৫ উইকেট) নিয়েছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এ ছাড়া শামার জোসেফ ও জশুয়া বিশপ ২টি করে উইকেট শিকার করেন।

শেয়ার করুন: