বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে আঘাত করায় ৬ মাস নিষিদ্ধ

২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

ফুটবলে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেন না। ফলে তাদের প্রতিক্রিয়া হয়ে পড়ে লাগামছাড়া। পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সট্রাক্লাসায় তেমনই এক ঘটনায় বড় শাস্তি পেয়েছেন ইব্রাহিমা ক্যামারা। লাল কার্ড দেখার পর তিনি প্রতিপক্ষের একজনকে আঘাত করেন। যে কারণে নিষিদ্ধ হলেন ৬ মাসের জন্য।

গত শনিবার পোগন শ্চেচিনের বিপক্ষে রাদোমিয়াক রাদোমের ৪-৩ গোলে হারের ম্যাচে ওই ঘটনা ঘটে। রাদোমের মিডফিল্ডার ক্যামারা লাল কার্ড দেখেন ম্যাচের ৯০ মিনিটে। প্রথমে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা শুরু হলে টানেল থেকে বেরিয়ে এসে পোগনের এক খেলোয়াড়ের মাথায় আঘাত করেন ক্যামারা।

এই ঘটনায় পোল্যান্ডের সব ধরনের প্রতিযোগিতায় ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে গিনির এই আন্তর্জাতিক ফুটবলারকে। পাশাপাশি ৫০ হাজার জ্লোটি (পোলিশ মুদ্রা) জরিমানাও করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা।

এ প্রসঙ্গে পোলিশ লিগ কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাচ চলাকালে ওই খেলোয়াড় ক্রীড়াসুলভ আচরণের নিয়ম চরমভাবে লঙ্ঘন করেছেন। লাল কার্ড দেখার পর প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে আক্রমণ করেছেন তিনি।’

শেয়ার করুন: